বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

চার জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৯ জনের

ডেস্ক রিপোর্ট।।

দেশের চার জেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলায় তিনজন করে, হবিগঞ্জ জেলায় দুইজন এবং নোয়াখালী জেলায় একজন রয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলায় বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে। সকালে ধনু নদে মাছ ধরার সময় আব্দুল মোতালিব নিহত হন। এছাড়া সাতগাঁও ও কৃষ্ণপুর এলাকায় হাওরে ধান শুকানো ও কাটার সময় পৃথক বজ্রপাতে প্রাণ হারান আরও দুই কৃষক।

সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আরও তিনজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ধান কাটার সময় এবং অন্যজন বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন।

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় বাদাম আনতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ আরাফাত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে ঘটনাস্থলেই নিহতদের মৃত্যু হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

বজ্রপাতের এই ধারাবাহিক ঘটনায় বিশেষজ্ঞরা খোলা জায়গায় কাজ করার সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন, বিশেষ করে হাওর ও খোলা মাঠে অবস্থানকালে নিরাপদ আশ্রয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন