রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

উৎপাদন বাড়াতে এনভয় টেক্সটাইলসের বড় বিনিয়োগ পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট।।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন সক্ষমতা বাড়াতে বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ১৭৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা বিনিয়োগ করবে।

রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। একই সভায় ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য নতুন জমি কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি তাদের বিদ্যমান কারখানায় ‘ওপেন-এন্ড (রোটর) স্পিনিং’ সক্ষমতা বাড়িয়ে দৈনিক ২৫ টন থেকে ৫০ টনে উন্নীত করবে। প্রকল্পটির মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ায় উচ্ছিষ্ট বা পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করে সুতা উৎপাদন বাড়ানো হবে। উৎপাদিত সুতা কোম্পানির নিজস্ব ডেনিম উৎপাদনে ব্যবহৃত হবে, যা সামগ্রিক উৎপাদন দক্ষতা বৃদ্ধি করবে।

প্রকল্পের মোট ব্যয়ের ৭০ শতাংশ ঋণ এবং বাকি ৩০ শতাংশ ইকুইটির মাধ্যমে অর্থায়ন করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি থেকে পর্যাপ্ত নগদ প্রবাহ তৈরি হবে, যা সাত বছরের মধ্যে ঋণ পরিশোধে সহায়ক হবে। বিনিয়োগ ফেরত আসতে সময় লাগতে পারে প্রায় ৪ বছর ৮ মাস।

এছাড়া, ময়মনসিংহের ভালুকায় বিদ্যমান কারখানার পাশে ৫০ দশমিক ৩৭ ডেসিমল জমি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি ৯ লাখ টাকা।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪৭৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির রিজার্ভে রয়েছে ৭০০ কোটির বেশি টাকা। কোম্পানির মোট শেয়ারের মধ্যে অধিকাংশই উদ্যোক্তা ও পরিচালকদের দখলে রয়েছে, এছাড়া প্রাতিষ্ঠানিক, বিদেশি ও সাধারণ বিনিয়োগকারীদের কাছেও উল্লেখযোগ্য অংশ রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন