বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

বান্দরবান প্রতিনিধি

“সরকারি খরচে বিরোধের সমাধান, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ​দিবসটি উপলক্ষ্যে সকালে লামা চৌকি আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

​এর আগে পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ।

​র‌্যালি পরবর্তী লামা চৌকি আদালতের এজলাস কক্ষে লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান আতাউল্লাহ’র সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ ​মুহাম্মদ শাহজাহান কামাল, তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক ও আইনজীবী সমিতির  সভাপতি সাদেকুল মাওলা ইরাক।

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাফর আলম, জাহাঙ্গীর আলম খান, মিজানুর রহমান, সাদ্দাম হোসেন বারিক, মোহাম্মদ শওকত ওসমান, রুবেল হাসান, রবিউল হোসেন খোকা ও রবিউল হোসেন ইরান।

জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ফাইতং ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, আজিজনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন এবং লামা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম।

​আলোচনা সভায় বক্তারা জানান, অর্থাভাবে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই সরকার বিনামূল্যে আইনি সহায়তা কার্যক্রম জোরদার করেছে।

আলোচনা সভায় গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রান্তিক ও দরিদ্র বিচারপ্রার্থীদের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে তারা সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

​উক্ত অনুষ্ঠানে বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন