সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

নাহিদ ইসলামের বিরুদ্ধে ‘নৈতিক দায়’ প্রশ্নে রাশেদ খাঁনের সমালোচনা

ডেস্ক রিপোর্ট।।

বিএনপি নেতা ও সাবেক গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন নাহিদ ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ‘নৈতিক দায়’ প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন।

বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খাঁন লিখেছেন, নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে দুর্নীতির প্রমাণ চাইলেও তার দায়িত্ব পালনকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যক্তি ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতি ও তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। তিনি দাবি করেন, নাহিদ ইসলামের সাবেক পিও আতিক মোর্শেদের কর্মকাণ্ড নিয়েও গণমাধ্যমে নানা অভিযোগ এসেছে।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজের ঘনিষ্ঠদের নিয়োগ এবং অন্যান্য মন্ত্রণালয়ের রদবদলেও প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছে। এসব নিয়োগপ্রাপ্তদের কারও কারও বিরুদ্ধে পরে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে বলেও উল্লেখ করেন তিনি।

এনসিপির অর্থায়ন নিয়েও প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, নাহিদ ইসলাম নিজেই ধনী ব্যক্তিদের আর্থিক সহায়তার কথা উল্লেখ করেছিলেন। সেই অর্থের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

শেখ বশির উদ্দিনকে উপদেষ্টা হিসেবে নিয়োগের বিষয়েও সমালোচনা করে তিনি বলেন, তাকে বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, উপদেষ্টা থাকাকালীন সময়েই রাজনৈতিক দল গঠন করা নৈতিকতার পরিপন্থী।

তথ্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, দায়িত্বে থাকাকালে উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। বরং দায়িত্ব ছাড়ার সময় যাকে তথ্য উপদেষ্টা করা হয়, তিনি বিতর্কিত আইনের আওতায় টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদান করেছেন বলে অভিযোগ করেন তিনি।

সবশেষে তিনি বলেন, বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব গ্রহণ করলেও তা বাস্তবায়ন না করে পদত্যাগ করায় নাহিদ ইসলাম ‘নৈতিকভাবে দায় এড়াতে পারেন না’।

তবে এসব অভিযোগের বিষয়ে নাহিদ ইসলাম বা সংশ্লিষ্টদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন