ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয় লাভ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নের সময় তিনি এ মন্তব্য করেন।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানায়, বক্তব্যে ট্রাম্প সরাসরি ইরানের নাম উল্লেখ না করলেও “প্রতিপক্ষ” হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র সেই নির্দিষ্ট প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছে।
এ সময় তিনি জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একসঙ্গে থেকে এ ধরনের হুমকি মোকাবিলা করবে।
তিনি আরও বলেন, কমিউনিজম, ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবে।
এর আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে অস্থিতিশীল অবস্থায় রয়েছে এবং একটি নন-নিউক্লিয়ার চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। তিনি ইরানকে দ্রুত অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান।
ওই পোস্টের সঙ্গে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি যুক্ত ছিল, যেখানে ট্রাম্পকে বন্দুক হাতে বিস্ফোরণের পটভূমিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ওপর লেখা ছিল— “No more Mr. Nice Guy!” (ভদ্র সাজার দিন শেষ)।
ট্রাম্পের এমন বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

