মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানে অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং ৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটির মানবাধিকার দপ্তর জানায়, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরবর্তী সময় থেকে এসব দমনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
জাতিসংঘের তথ্যমতে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে গত জানুয়ারিতে বিক্ষোভের জেরে গ্রেপ্তার হওয়া নয়জন রয়েছেন। এছাড়া বিরোধী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১০ জন এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও দুজনকে ফাঁসি দেওয়া হয়েছে।
সংস্থাটি আরও জানায়, জাতীয় নিরাপত্তার অভিযোগে ৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের অনেকেই জোরপূর্বক গুম, নির্যাতন এবং চাপ প্রয়োগের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি স্বীকারোক্তি আদায় করে তা টেলিভিশনে প্রচারের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান ফলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, “ইরানের জনগণ একদিকে সংঘাতের প্রভাব মোকাবিলা করছে, অন্যদিকে তাদের মৌলিক অধিকারও কঠোরভাবে সীমিত করা হচ্ছে—যা গভীর উদ্বেগের বিষয়।”
মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

