আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-এর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে ঢাকায় ভারতীয় মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়ে-কে তলব করেছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করা হয় বলে মন্ত্রণালয়ের একটি জ্যেষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালকের দপ্তরে।
সরকারি সূত্র জানায়, সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক, বিশেষ করে কথিত ‘পুশব্যাক’ ইস্যুতে যে মন্তব্য করেন, তা বিভ্রান্তিকর ও অবমাননাকর হিসেবে বিবেচনা করছে ঢাকা। তার বক্তব্যে অনানুষ্ঠানিকভাবে সীমান্তে লোকজন ঠেলে দেওয়ার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণভাবে নাকচ করেছে বাংলাদেশ।
বৈঠকে বাংলাদেশ পক্ষ স্পষ্ট করে জানায়, এ ধরনের সংবেদনশীল বিষয়ে তথ্যপ্রমাণহীন মন্তব্য দুই দেশের পারস্পরিক আস্থা ও সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। একই সঙ্গে যেকোনো দ্বিপক্ষীয় সমস্যা আন্তর্জাতিক আইন এবং বিদ্যমান কূটনৈতিক কাঠামোর মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্য ভারতীয় রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে বলেও জানা গেছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আলোচনার প্রয়োজনীয়তা আরও জোরালো হতে পারে, যদিও উভয় পক্ষই সম্পর্ক স্থিতিশীল রাখার পক্ষে রয়েছে।

