আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি সাদিক কায়েম-কে চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর কাউন্সিল হলে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের দায়িত্বশীল সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। সম্মেলনে সাদিক কায়েম উপস্থিত ছিলেন।
দলটির সহকারী সেক্রেটারি এবং মোহাম্মদ কামাল হোসেন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি দলীয় একাধিক নেতা গণমাধ্যমকে জানান, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে প্রার্থী নির্ধারণ করা হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
বর্তমানে ডাকসুর সহসভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করলেও প্রার্থিতা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি সাদিক কায়েম।
দলীয় সূত্র আরও জানায়, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি ইতোমধ্যে নিজের ভোটার এলাকা খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করেছেন। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং খুব দ্রুত তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

