সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

স্বৈরাচারী শাসনব্যবস্থার সময়ে শ্রমিকদের অধিকার ও ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান বলেন, শ্রমিক ও কৃষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। “শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকদের ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষক কার্ড চালুর কাজ চলছে,” বলেন তিনি।

গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করলেও তারা সঠিক সময়ে পানি পান না। এ সমস্যা সমাধানে খাল খনন কার্যক্রম চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষক ও শ্রমিকদের জীবনমান উন্নত করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নিহত শ্রমিকদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগে রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে ভয়ভীতি ও দমন-পীড়নের পরিবেশ ছিল। বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে দেশের শ্রমিকসহ সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন