মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান

ডেস্ক রিপোর্ট।।

চলমান উত্তেজনা প্রশমনে সংশোধিত একটি নতুন প্রস্তাব পাকিস্তানের কাছে পাঠিয়েছে ইরান। মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের মাধ্যমে প্রস্তাবটি পৌঁছে দেওয়া হয়েছে বলে এক ইরানি কূটনীতিক জানিয়েছেন।

শুক্রবার আল জাজিরা-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বৃহস্পতিবারই প্রস্তাবটি পাকিস্তান-এর হাতে হস্তান্তর করা হয়।

এর আগে দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বের প্রস্তাবে প্রথমে যুদ্ধবিরতি এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসন সংঘাত চলাকালীন সময়েই একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলে জানা যায়।

নতুন প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, এতে উভয় পক্ষের অবস্থানের মধ্যে সমন্বয়ের চেষ্টা থাকতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর প্রায় ৪০ দিন ধরে সংঘাত চলে। এতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন উপসাগরীয় দেশও ক্ষতির মুখে পড়ে। পাল্টাপাল্টি হামলার এক পর্যায়ে জ্বালানি অবকাঠামোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

পরবর্তীতে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র, যা এখনো কার্যকর রয়েছে।

তবে সতর্কবার্তা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জানিয়েছে, আলোচনা ব্যর্থ হলে পুনরায় সামরিক অভিযান শুরু হতে পারে। ফলে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে।

 

সূত্র: আল জাজিরা

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন