বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ২৮৫ জন শিশুর মধ্যে সংক্রমণ বা উপসর্গ শনাক্ত হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর-এর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত দেড় মাসে সারা দেশে হামে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মোট ২৮০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৪৯ জনের এবং উপসর্গ নিয়ে মারা গেছে ২৩১ শিশু।

এ সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৪৬ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩৮ হাজার ৩০১ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগ-এ। এ বিভাগে হামে ও উপসর্গ নিয়ে ১৪২ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২০ হাজার ৩৪২ জন।

গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান জোরদার ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন