ডেস্ক রিপোর্ট।।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে পাওয়ার প্লের শেষ দিকে হঠাৎ ধস নামে ব্যাটিং লাইনে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫০ রান, ৩ উইকেট হারিয়ে।
বর্তমানে ক্রিজে আছেন লিটন দাস (২৫*) ও তাওহীদ হৃদয় (২*)। সপ্তম ওভারের চার বল শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।
শুরুর দিকে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। ৩ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তোলে দল। সাইফ হাসান দ্বিতীয় ওভারে দুটি বাউন্ডারিতে ১২ রান যোগ করেন।
তবে চতুর্থ ওভারে প্রথম আঘাত হানে জেডন লেনক্স। ১৬ রান করা সাইফ হাসান মিড-অফে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ক্রিজে নেমেই ঝড় তোলেন লিটন দাস—মাত্র ৩ বলে একটি চার ও একটি ছয়ে ১২ রান করেন।
পঞ্চম ওভারে আসে বড় ধস। নাথান স্মিথ পরপর দুই বলে ফিরিয়ে দেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন-কে। ১০ বলের মধ্যে ১৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এর আগে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলি। ফলে আগে ব্যাট করতে নামে স্বাগতিকরা।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন এনে ইনজুরিতে পড়া তানজিম হাসান সাকিবের জায়গায় একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে সিরিজ বাঁচাতে নিউজিল্যান্ড দলে দুটি পরিবর্তন আনা হয়েছে।
চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আজকের ম্যাচেও বৃষ্টির কারণে খেলা ব্যাহত হওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে ম্যাচের ফল নিয়ে।

