মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

ডেস্ক রিপোর্ট।।

দীর্ঘ দেড় বছরের কূটনৈতিক টানাপোড়েনের পর আবারও স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ ও ভারতের ভিসা কার্যক্রম। উভয় দেশই পূর্ণাঙ্গ ভিসা সেবা চালু করতে পদক্ষেপ নিয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ইস্যু শুরু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালু করতে যাচ্ছে।

চলতি বছরের এপ্রিলে দিল্লি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভিসা স্বাভাবিকীকরণকে অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। বর্তমানে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাইসহ বাংলাদেশের সব ভিসা কেন্দ্র চালু রয়েছে।

ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, নিরাপত্তাজনিত কারণে কিছু ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে তা পুনরায় চালু করা হয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতে নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে পারে।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনের পরপরই অভিনন্দন জানান এবং টেলিফোনে কথা বলে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। যদিও ব্যস্ততার কারণে শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি, তবে ভারতের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন ওম বিড়লা।

সংশ্লিষ্টরা মনে করছেন, ভিসা কার্যক্রম পুরোপুরি চালু হলে ব্যবসা, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের জনগণের যাতায়াত সহজ হবে এবং সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন