ইয়েমেনের শাবওয়া প্রদেশের উপকূল থেকে ‘এমটি ইউরেকা’ নামের একটি তেলবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। অজ্ঞাতপরিচয় সশস্ত্র একদল ব্যক্তি জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে তা এডেন উপসাগরের দিকে ঘুরিয়ে পরে সোমালিয়ার জলসীমার অভিমুখে নিয়ে যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা জাহাজটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পর দ্রুত রুট পরিবর্তন করে। ঘটনার পরপরই আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে ইউকেএমটিও একটি সন্দেহজনক ঘটনার কথা জানায়। সংস্থাটি জানায়, মুকাল্লা বন্দর থেকে প্রায় ৮৪ নটিক্যাল মাইল দূরে একটি সবুজ রঙের ছোট নৌকা ও একটি মাছ ধরার ট্রলার একটি জাহাজকে অনুসরণ করছিল।
এই সন্দেহজনক নৌযানগুলোর সঙ্গে ছিনতাইয়ের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে সশস্ত্র হামলার ঘটনা বেড়ে যাওয়ায় বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অপহৃত জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: আলজাজিরা

