জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আবারও তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, রাজনীতিতে থাকলে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সঙ্গেই যুক্ত থাকতে চান এবং দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই।
একটি গণমাধ্যমকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে সাকিব বলেন, তিনি সবসময় যে দলে যুক্ত হয়েছেন, সেই দলের প্রতিই অনুগত থেকেছেন। “দল পরিবর্তনের শখ বা ইচ্ছা কোনোদিনই ছিল না,”—বলেন তিনি।
বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও এটি স্থায়ী হবে না বলে মনে করেন এই সাবেক অধিনায়ক। তার মতে, কোনো রাজনৈতিক দলকে দীর্ঘমেয়াদে নিষিদ্ধ করে রাখা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতার ধারাবাহিকতা প্রসঙ্গে সাকিব বলেন, অতীতে বিভিন্ন দল বিরোধীদের দমনের চেষ্টা করেছে। তবে এ ধরনের চর্চা চলতে থাকলে তা দেশের রাজনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনে না। “কেউ না কেউ এই চক্র থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিতে হবে,”—যোগ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হলেও রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান।

