বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

‘সন্ত্রাসীদের নজরদারিতে রেখে গ্রেপ্তার কার্যক্রম চলছে’

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীতে একসময় আলোচিত শীর্ষ সন্ত্রাসীদের প্রকাশ্য তৎপরতা আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। রোববার (৩ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে কিছু মাঝারি পর্যায়ের অপরাধী বা শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। তবে এসব চক্র সাধারণ মানুষের ওপর বড় ধরনের হামলার চেয়ে নিজেদের মধ্যেই বেশি সংঘর্ষে জড়াচ্ছে। এদের নজরদারিতে রেখে নিয়মিত গ্রেপ্তার কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার জানান, চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্র, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান শুরু হয়েছে। গত দুই দিনে এই অভিযানে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ ও তাদের ৯৪ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে “সমন্বিত নিরাপত্তা কৌশল” গ্রহণ করা হয়েছে। এর আওতায় ব্লকরেইড, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও সিসিটিভি পর্যবেক্ষণ জোরদার করা হচ্ছে।

মাদকবিরোধী অভিযানের বিষয়ে তিনি জানান, সাম্প্রতিক সময়ে বড় চালান জব্দ করা হচ্ছে এবং ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক চক্রের পেছনের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নগর নিরাপত্তা বাড়াতে বসিলা পুলিশ ক্যাম্প এবং কারওয়ানবাজার পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে বলেও জানান তিনি। গুরুত্বপূর্ণ এলাকায় আরও ক্যাম্প ও সিসিটিভি স্থাপনের কাজ চলমান রয়েছে।

চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে কমিশনার বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি গ্রেপ্তার আসামিদের ছাড়াতে তদবির করলে সংশ্লিষ্টদেরও তদন্তের আওতায় আনা হবে বলে সতর্ক করেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন