বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

গ্রামীণ জনপদের উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

গ্রামীণ জনপদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, খাল খননের মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান তৈরি হয়, অন্যদিকে পানির সংকটও অনেকাংশে দূর করা সম্ভব।

সোমবার (৪ মে) সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুটি খাল খনন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, সরকার এমন একটি স্বনির্ভর দেশ গঠনের লক্ষ্যে কাজ করছে যেখানে খাদ্য, কৃষি ও মৎস্য খাতে বাইরের ওপর নির্ভরশীল হতে হবে না। খালগুলো পুনঃখননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং মাছ চাষেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

নারী উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে, যার বড় একটি অংশ হবে নারী। লালপুর ও বাগাতিপাড়ায় নারীদের জন্য আলাদা কর্মসংস্থান প্রকল্প চালুর পরিকল্পনাও রয়েছে।

এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত মাংস সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য একটি মিট প্রসেসিং জোন স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোল্ড স্টোরেজের অভাবে অনেক সময় কৃষিপণ্য নষ্ট হয়ে যায়, তাই সমন্বিত অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয় মানুষের জন্য স্থানীয় পর্যায়েই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে, যাতে বাইরে থেকে শ্রমিক আনতে না হয়।

অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন