কোরবানির ঈদকে সামনে রেখে চামড়া ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে সরকার। কোরবানির পরবর্তী সাতদিন দেশের কোনো স্থান থেকে ঢাকায় চামড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ঈদের পরপরই ঢাকায় চামড়া চলে আসলে বাজারে চাপ সৃষ্টি হয়। এ কারণে চামড়া পরিবহনে সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে সারা দেশে স্থানীয়ভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
চামড়া সংরক্ষণে সরকার বিসিকের মাধ্যমে প্রতিটি এলাকায় বিনামূল্যে লবণ সরবরাহ করবে। ব্যবসায়ী, মসজিদ ও মাদরাসাভিত্তিকভাবে চামড়া সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে একটি চামড়াও নষ্ট না হয়।
তিনি আরও জানান, জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে। কোরবানির পর চামড়া কীভাবে সঠিকভাবে সংরক্ষণ করতে হয় সে বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।
মন্ত্রী বলেন, অতীতে ন্যায্যমূল্য না পেয়ে অনেকেই চামড়া ফেলে দিয়েছেন বা মাটিতে পুঁতে রেখেছেন। এবার এমন পরিস্থিতি এড়াতে আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারের লক্ষ্য, চামড়ার সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষতি কমানো এবং এই খাতকে আরও শক্তিশালী করা।

