শিশু মৃত্যুর মতো কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে টিকা না দেওয়ার ঘটনা কেন ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তর-এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “শিশু মৃত্যু ঘটাতে চায়—এমন কোনো খারাপ উদ্দেশ্য সরকারের ছিল না। তবে বিষয়টি খতিয়ে দেখা দরকার। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, কেন এই ঘটনাটি ঘটলো তা তদন্ত করা হবে।”
তিনি আরও জানান, সরকারের চলমান টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ।
আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

