ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার (৫ মে) কলকাতার কালীঘাট-এ আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ফলাফল জনমতের স্বাভাবিক প্রতিফলন নয়; বরং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির ষড়যন্ত্রের ফল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, “আমি কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্নই আসে না।”
তিনি আরও বলেন, “যেখানে লড়াইটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে, সেখানে ময়দান ছেড়ে চলে যাওয়া মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করা।”
নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক মহলে তার পদত্যাগ নিয়ে জল্পনা চললেও, তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এখনই দায়িত্ব ছাড়ছেন না। বরং বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

