দীর্ঘদিন পর ব্যক্তিজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তানজিকা আমিন। জনপ্রিয় নির্মাতা এনামুল করিম নির্ঝর–এর সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে এতদিন নীরব থাকলেও সম্প্রতি এক পডকাস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।
তানজিকা জানান, তাদের বিচ্ছেদের পেছনে কোনো বড় অভিযোগ ছিল না, বরং ব্যক্তিত্বের অমিল এবং বোঝাপড়ার ঘাটতিই ছিল মূল কারণ। তার ভাষায়, “দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো থাকতে পারিনি। নির্ঝর খুবই ভালো মানুষ। সে এখন নিজের জীবনে ভালো আছে, আমিও ভালো আছি। শুধু আমাদের একসঙ্গে থাকা হয়নি।”
তিনি আরও বলেন, অনেক সময় সম্পর্ক ভেঙে গেলে মানুষ সেটিকে ভুল সিদ্ধান্ত হিসেবে দেখে। তবে নিজের বিয়েকে তিনি ভুল মনে করেন না। “আমার বিয়ের সিদ্ধান্ত পারফেক্ট ছিল, কিন্তু ডিভোর্সটা দুর্ভাগ্যজনকভাবে হয়েছে। আমাদের সময়টা সুন্দর ছিল, কোনো অনুশোচনা নেই,”—যোগ করেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তানজিকা ও নির্ঝর। তবে মাত্র দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে।
২০০৪ সালে লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তানজিকা আমিন। দীর্ঘ ক্যারিয়ারে কাজের সংখ্যা সীমিত হলেও বেছে বেছে অভিনয়ের জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। বিশেষ করে মহানগর ২-এ অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তিনি।
সম্প্রতি ‘অমিমাংসিত’, ‘বোহেমিয়ান ঘোড়া’, ‘হাবুর স্কলারশীপ’, ‘লিলিথ’ ও ‘ডিমলাইট’-এর মতো বিভিন্ন কনটেন্টে তার উপস্থিতি নজর কাড়ে। সামনে ‘আন্ধার’ ও ‘রঙেরবাজার’ সিনেমায় দেখা যাবে তাকে।
ব্যক্তিজীবনে বিচ্ছেদের পর দীর্ঘদিন একা থাকার পর ২০২৪ সালের ৬ ডিসেম্বর অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বাসুনিয়া–কে বিয়ে করেন তানজিকা আমিন।

