সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

গণভোটের রায় বাস্তবায়নে সংসদে ও রাজপথে আন্দোলন চালিয়ে যাব: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট।।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়নে সংসদে ও রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার নাগোয়া শহরে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিবুকাওয়া ওয়েলফেয়ার সেন্টার-এ অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, ইসলামিক মিশন জাপান নাগোয়া শাখার তত্ত্বাবধানে।

অনুষ্ঠানে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি, শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় অতিথিদের বরণ করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশের সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে গত জুলাইয়ের গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে রেমিট্যান্স প্রবাহ সচল রাখায় তাদের অবদানের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জানান তিনি।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ এর পক্ষে মত দিয়েছেন এবং সেই রায় বাস্তবায়ন না করা জনগণের মতামত উপেক্ষা করার শামিল। তিনি দাবি করেন, বিরোধী দল হিসেবে এই ইস্যুতে সবধরনের গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী ৩৯ প্রবাসীর মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার আশ্বাস দেন।

এছাড়া তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তরুণদের উদ্দেশে তিনি একটি ন্যায়ভিত্তিক ও উন্নত রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন