মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট।।

ইরানের অবরোধের মুখে হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে পারাপারে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র যে ‘প্রোজেক্ট ফ্রিডম’ চালু করেছিল, তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে স্বল্প সময়ের জন্য প্রকল্পটি স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, অবরোধ বহাল থাকলেও সম্ভাব্য কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের সুযোগ আছে কি না, তা যাচাই করতে এই বিরতি নেওয়া হয়েছে।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে থাকা পাকিস্তান-এর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত থাকলেও ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ অব্যাহত থাকবে বলে স্পষ্ট করেছেন তিনি।

অন্যদিকে, ট্রাম্পের এ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো একে ‘ইরানের বিজয়’ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, সামরিক চাপে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র হরমুজ থেকে সরে দাঁড়াচ্ছে।

প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল-এর মধ্যে সংঘাত শুরু হলে এই গুরুত্বপূর্ণ জলপথে অবরোধ জারি করে ইরান। এতে শতাধিক বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে।

পরবর্তীতে গত ৪ মে ‘প্রোজেক্ট ফ্রিডম’ চালুর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, যার মাধ্যমে মার্কিন নৌবাহিনীর প্রহরায় জাহাজগুলোকে নিরাপদে পারাপারের উদ্যোগ নেওয়া হয়। তবে ঘোষণার মাত্র একদিন পরই প্রকল্পটি স্থগিত করা হলো।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন