দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে হাম রোগের সংক্রমণ। টিকাদান কার্যক্রম চলমান থাকলেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নতুন করে ১ হাজার ৫২৪ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। এছাড়া আরও ১ হাজার ২৩৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৬ শিশু রয়েছে। তাদের মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে।
এর আগে গত ৪ মে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ৩২৯ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল।
একই সময়ে দেশে মোট ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৬ হাজার ২০৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এদিকে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৩১ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৮ হাজার ২৩৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

