রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ম্যারাডোনার মৃত্যু নিয়ে মেয়ের নতুন বিস্ফোরক মন্তব্য

ডেস্ক রিপোর্ট।।

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে চার বছর পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তার মেয়ে জিয়ানিন্না ম্যারাডোনা। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তার বাবার মৃত্যুর পেছনে একটি “পরিকল্পনা” ছিল, যা পরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

৩৬ বছর বয়সী জিয়ানিন্না অভিযোগ করেন, ম্যারাডোনার সাবেক আইনজীবী মাতিয়াস মোরলা তার বাবার জীবন ও ব্র্যান্ডের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এমনকি তিনি ম্যারাডোনার স্বাক্ষর জাল করতেন বলেও অভিযোগ তোলেন।

জিয়ানিন্নার দাবি, ম্যারাডোনাকে হাসপাতালে বা বিশেষায়িত ক্লিনিকে না রেখে বাসায় রাখার সিদ্ধান্তও ছিল উদ্দেশ্যপ্রণোদিত। তার মতে, ক্লিনিকে ভর্তি করা হলে মোরলার নিয়ন্ত্রণ কমে যেতে পারত বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২০ সালে মারা যান ম্যারাডোনা। তার মৃত্যুর পর চিকিৎসা অবহেলার অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিচার চলছে। অভিযুক্তদের মধ্যে একজন নিউরোসার্জন, একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং একজন নার্স রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তাদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত চিকিৎসা সুবিধা ছাড়াই ম্যারাডোনাকে একটি ভাড়া বাসায় রাখা হয়েছিল এবং মৃত্যুর আগে দীর্ঘ সময় তিনি একা কষ্টে ছিলেন।

তবে অভিযুক্ত চিকিৎসাকর্মীরা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ম্যারাডোনার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।

এদিকে জালিয়াতির অভিযোগে মাতিয়াস মোরলা ও তার এক সহকারীর বিরুদ্ধেও পৃথক মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে সান ইসিদোরো আদালতে মামলার বিচার কার্যক্রম চলছে। রায় কী হয়, তা নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ বাড়ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন