মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে প্রেসিডেন্টের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট।।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন। তবে এই বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, বৈঠকে মোজতবা খামেনির “দূরদর্শী চিন্তাভাবনা” এবং “আন্তরিক ও বিনয়ী আচরণ” তাকে মুগ্ধ করেছে।

গত মার্চে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে খুব কম দেখা গেছে। তিনি মূলত লিখিত বিবৃতি ও বার্তার মাধ্যমে রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

ইরান–যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের প্রথম দিকে এক হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন। একই ঘটনায় আহত হন মোজতবা খামেনি। পরে দেশটির সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হয়।

১৯৮৯ সাল থেকে দীর্ঘ তিন দশকের বেশি সময় ইরানের নেতৃত্বে ছিলেন আলি খামেনি। তার মৃত্যুর পর ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে উত্তরসূরি হিসেবে নির্বাচিত করে। গত ৯ মার্চ রাষ্ট্রীয়ভাবে তার নাম ঘোষণা করা হয়।

এরপর থেকে ইরানের বিভিন্ন এলাকায় মোজতবা খামেনির প্রতিকৃতি দেখা গেলেও তিনি এখনও জনসমক্ষে উপস্থিত হননি।

সূত্র: এএফপি
সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন