মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

ডেস্ক রিপোর্ট।।

চলমান যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় দেশ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুললেও কয়েক ঘণ্টার ব্যবধানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দুই পক্ষই।

ইরানের প্রতিরক্ষা বাহিনীর দাবি, বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে প্রবেশের সময় তাদের একটি তেলবাহী ট্যাংকার ও একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে গোলাবর্ষণ করে মার্কিন নৌবাহিনী। একই দিনে পারস্য উপসাগরের কেশম দ্বীপ এবং খামির-সিরিক উপকূলীয় এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তেহরানের।

এর জবাবে হরমুজ প্রণালি ও চাবাহার বন্দরের কাছাকাছি অবস্থানরত মার্কিন নৌজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের দাবি, এতে মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ইরানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক্সে প্রকাশিত বিবৃতিতে তারা জানায়, ইরান প্রথমে মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্পিডবোট ব্যবহার করে হামলার চেষ্টা চালায়। তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সব হামলা প্রতিহত করেছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার কয়েক ঘণ্টা পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানায়, হরমুজ প্রণালি ও উপকূলীয় অঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পারস্য উপসাগর অঞ্চলে সামরিক উত্তেজনা পুরোপুরি কমেনি। সাম্প্রতিক এই ঘটনা দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও বাড়িয়ে তুলতে পারে।

সূত্র: জিও নিউজ

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন