পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো বিজেপির হাত ধরে। দলটির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
শনিবার (৯ মে) সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গভর্নর আর. এন. রবি তাকে ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।
সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। এর মধ্য দিয়ে টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটল তৃণমূল কংগ্রেসের।
রাজনীতির অঙ্গনে শুভেন্দু অধিকারীর উত্থান বরাবরই আলোচনার কেন্দ্রে ছিল। একসময় তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহচর এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী মুখ। তবে সময়ের পালাবদলে রাজনৈতিক অবস্থান বদলে বিজেপিতে যোগ দেন তিনি। এবার সেই শুভেন্দুই পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রে।
নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বিজেপির বেশ কয়েকজন পরিচিত নেতা। তাদের মধ্যে রয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া। তারাও একই অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে শপথ নেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন শুধু সরকার বদলের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

