মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে আজ রাতেই জবাব দিতে পারে ইরান: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবের বিষয়ে ইরান আজ রাতেই জবাব দিতে পারে।

স্থানীয় সময় শুক্রবার এবং বাংলাদেশ সময় শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আজ রাতেই জবাব আসতে পারে।” তিনি আরও বলেন, “রাতে একটি চিঠি পাওয়ার আশা করছি। এরপর দেখা যাবে পরিস্থিতি কোন দিকে যায়।”

তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে কী রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে বৃহস্পতিবার রাতে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানি ট্যাংকারগুলো নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করায় এ হামলা চালানো হয়। হামলায় জাহাজ দুটি অচল হয়ে গেছে বলেও দাবি করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। প্রায় ৪০ দিন ধরে চলা ওই সংঘাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। একইসঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান।

পরে পাকিস্তান–এর মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। যদিও যুদ্ধবিরতির মেয়াদ ২২ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল, পরে ট্রাম্প তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।

সূত্র: আল-আরাবিয়া

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন