দীর্ঘ প্রায় ছয় দশকের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া সি জোসেফ বিজয়। রোববার সকালে চেন্নাইয়ে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। তার নেতৃত্বাধীন তামিলাগা ভেট্টিরি কাঝাগাম (টিভিকে) সরকার গঠনের মাধ্যমে রাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো।
১৯৬৭ সালের পর এই প্রথম তামিলনাড়ুর ক্ষমতায় এলো এমন একটি দল, যারা ডিএমকে বা এআইএডিএমকের মতো প্রধান দ্রাবিড় রাজনৈতিক শিবিরের অংশ নয়। ফলে বিজয়ের এই জয়কে রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে টিভিকে ১০৮টি আসনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে কয়েকদিন ধরে চলে ব্যাপক রাজনৈতিক তৎপরতা। শেষ পর্যন্ত কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআইএম ও আইইউএমএলের সমর্থন নিয়ে বিজয় ১২০ সদস্যের জোট গঠন করতে সক্ষম হন।
রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে সমর্থনপত্র জমা দেওয়ার পর সরকার গঠনের আমন্ত্রণ পান বিজয়। যদিও আগামী ১৩ মের মধ্যে তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।
শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রাজধানী চেন্নাইয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিপুল সংখ্যক সমর্থক রাস্তায় নেমে বিজয়ের এই জয় উদযাপন করেন। অনেকে একে “তামিল রাজনীতির নতুন সূর্যোদয়” বলেও অভিহিত করেছেন।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর খুব শিগগিরই নতুন মন্ত্রিসভা ও সরকারের কর্মপরিকল্পনা ঘোষণা করবেন বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি

