রাজশাহীতে চলতি মৌসুমের ম্যাংগো ক্যালেন্ডার ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ মে থেকে আম পাড়া ও বাজারজাতকরণ শুরু হবে।
রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ক্যালেন্ডার ঘোষণা করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় কৃষিবিদ, ফল গবেষক, আমচাষি ও ব্যবসায়ীরা অংশ নেন। সভায় বিভিন্ন জাতের আম সংগ্রহের নির্ধারিত সময় চূড়ান্ত করা হয়।
ঘোষিত সূচি অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম পাড়া শুরু হবে। এরপর ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ, এবং ৩০ মে থেকে হিমসাগর বা খিরসাপাত আম সংগ্রহ করা যাবে।
এছাড়া ১০ জুন থেকে বানানা ম্যাংগো ও ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছর সংগ্রহ করা যাবে।
সভায় জানানো হয়, চলতি মৌসুমে রাজশাহীতে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৩৯৩ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে প্রায় ৭৮০ কোটি ৬৮ লাখ ৮ হাজার টাকার আম বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রশাসনের আশা, নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ নিশ্চিত করা গেলে ভোক্তারা নিরাপদ ও পরিপক্ব আম পাবেন এবং বাজারে রাজশাহীর আমের সুনাম আরও বাড়বে।

