বলিউডে নিজের অবস্থান তৈরি করতে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে অভিনেত্রী কৃতি স্যানন-কে। কোনো প্রভাবশালী চলচ্চিত্র পরিবারের সদস্য না হওয়ায় ক্যারিয়ারের শুরুতে বারবার বাধার মুখে পড়তে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের স্বজনপ্রীতি নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।
কৃতি জানান, অভিনয়জীবনের শুরুর দিকে বহুবার এমন হয়েছে, কোনো চরিত্রের জন্য তার নাম প্রায় চূড়ান্ত হওয়ার পরও শেষ মুহূর্তে সেই সুযোগ চলে গেছে তারকাসন্তানদের হাতে। তবে এসব অভিজ্ঞতা তাকে আরও শক্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, “ইন্ডাস্ট্রিতে বাইরের কেউ হলে প্রতিটি সুযোগের জন্য আলাদা করে লড়াই করতে হয়। আমি যা অর্জন করেছি, সবই নিজের পরিশ্রমে।”
কৃতির ক্যারিয়ারের বড় মোড় ঘুরে যায় ‘মিমি’ সিনেমার মাধ্যমে। তবে এই ছবির আগের সময়টা তার জন্য বেশ কঠিন ছিল। ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের খোঁজে থাকলেও অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। বড় বাজেটের কিছু সিনেমায় কাজ করেও শিল্পী হিসেবে তৃপ্তি পাননি বলে জানান তিনি। যদিও সেই অভিজ্ঞতাই তাকে ভবিষ্যতে আরও সচেতনভাবে কাজ বেছে নিতে সাহায্য করেছে।
উল্লেখ্য, ‘মিমি’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর কৃতির ক্যারিয়ারে নতুন গতি এসেছে। বর্তমানে তিনি ‘ককটেল ২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন শাহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।

