চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে আবারও স্প্যানিশ ফুটবলের মুকুট জিতেছে বার্সেলোনা। এল ক্লাসিকোতে ২-০ গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের দল।
রোববার (১০ মে) রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় কাতালানরা। প্রথমার্ধেই মার্কাস রাশফোর্ড ও ফেরান টরেসের গোলে এগিয়ে যায় বার্সা। পরে আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ।
এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে যায়। মৌসুমে এখনও তিন ম্যাচ বাকি থাকলেও গাণিতিকভাবে শিরোপা নিশ্চিত হয়ে যায় তাদের।
তবে ম্যাচটির আবেগঘন এক প্রেক্ষাপটও ছিল। খেলা শুরুর আগে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক তার বাবার মৃত্যুসংবাদ পান। তারপরও দলের পাশে থেকে সাইডলাইনে দায়িত্ব পালন করেন তিনি। শোকের প্রতি সম্মান জানিয়ে দুই দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন এবং ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠেন বার্সেলোনার খেলোয়াড় ও সমর্থকরা। ম্যাচ শেষে ফ্লিক বলেন, “এই দলটি শুধু একটি স্কোয়াড নয়, এটি একটি পরিবার।”
ক্যাম্প ন্যুতে উপস্থিত দর্শকদের সামনে প্রথমে খেলোয়াড়দের হাতে লা লিগা ট্রফির প্রতীকী সংস্করণ তুলে দেওয়া হয়। পরে মূল ট্রফি উঁচিয়ে শিরোপা উদযাপন করে পুরো দল।
লা লিগার ইতিহাসে এটি দ্বিতীয়বার, যখন সরাসরি এল ক্লাসিকোর ফলাফলে শিরোপা নির্ধারিত হলো। এর আগে ১৯৩২ সালে রিয়াল মাদ্রিদ ড্র করেই চ্যাম্পিয়ন হয়েছিল।
সব মিলিয়ে এটি বার্সেলোনার ২৯তম লা লিগা শিরোপা। সর্বোচ্চ ৩৬টি শিরোপা নিয়ে এখনও শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।
২০২৪ সালে জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই দারুণ সফল হ্যান্সি ফ্লিক। তার অধীনে এখন পর্যন্ত পাঁচটি ট্রফি জিতেছে বার্সা—দুটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপারকোপা ও একটি কোপা দেল রে।
এদিকে টানা ৫৫ ম্যাচে গোল করে নতুন এক কীর্তিও গড়েছে বার্সেলোনা। ক্লাব ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ধারাবাহিক গোলের রেকর্ড।

