রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামী

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন শেহরীন আমিন মোনামী। সোমবার (১১ মে) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দায়িত্ব ছাড়ার অনুভূতি তুলে ধরেন তিনি।

ফেসবুক পোস্টে মোনামী লেখেন, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনও প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না তার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক পদে কাজ করার কথা ভাবেননি কখনও।

তিনি জানান, ২০২৪ সালের ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাকে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিলে তিনি উচ্ছ্বসিত হয়ে পড়েন। একজন নবীন শিক্ষক হিসেবে এমন দায়িত্ব পাওয়া তার কাছে ছিল বিশেষ সম্মানের।

মোনামী লিখেছেন, “নতুন বাংলাদেশকে ঘিরে তখন আমাদের অনেক স্বপ্ন ছিল। নিজের বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করার সুযোগ পাওয়াকে আমি সৌভাগ্য মনে করেছি।”

দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গত দুই বছরে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের কাছ থেকে ধৈর্য, সংকট মোকাবিলা এবং আত্মসম্মান বজায় রেখে কাজ করার শিক্ষা পেয়েছেন। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের প্রতি মানবিক আচরণ ও সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন প্রক্টর।

নিজের দায়িত্বকাল নিয়ে মূল্যায়নে না গিয়ে তিনি বলেন, “আমি কতটা সফল ছিলাম, সেটা হিসাব করবো না। তবে অসাধারণ একটি টিমের সঙ্গে অভাবনীয় অভিজ্ঞতা অর্জন করেছি।”

জুলাই আন্দোলন ও পরবর্তী সময়ের পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, এমন অভিজ্ঞতা ভবিষ্যতে আর কেউ পাবেন কিনা তা নিয়েও তার সন্দেহ রয়েছে।

পোস্টের শেষাংশে নতুন প্রক্টর ও তার টিমকে অভিনন্দন জানিয়ে দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন শেহরীন আমিন মোনামী।

এর আগে, রোববার (১০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন