প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকার কিংবা প্রশাসনিক পদ চিরস্থায়ী নয়। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব ও ক্ষমতার পালাবদল ঘটবে— এটাই গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম।
সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমরা কেউই চিরস্থায়ী নই। অতীতেও এটি বহুবার প্রমাণিত হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশেও একই বাস্তবতা দেখা গেছে। একইভাবে জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদও কারো জন্য স্থায়ীভাবে সংরক্ষিত থাকে না।”
তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারীদের উচিত পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় রাখা। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় প্রশাসনের ভূমিকা জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়েই মূল্যায়িত হয় বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবসময় সংবিধান, আইন এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করতে হবে।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন সদস্য এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

