মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে।

সোমবার অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শপথ গ্রহণের পর এটিই ছিল নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুভেন্দু অধিকারীর ভাষ্য, “বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দ্রুত বিএসএফকে বুঝিয়ে দেওয়া হবে। ইতোমধ্যে ভূমি ও রাজস্ব বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রচারণায় সীমান্ত নিরাপত্তা বড় ইস্যু হয়ে উঠেছিল। দলটি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল, রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত পর্যাপ্তভাবে সুরক্ষিত নয় এবং অবৈধ অনুপ্রবেশ রোধে আগের সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি।

ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বড়, যার দৈর্ঘ্য ২ হাজার ২১৬ কিলোমিটারের বেশি।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি। ২৯৪ আসনের বিধানসভায় দলটি ২০৭টি আসনে জয় পায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্ত নিরাপত্তা, নাগরিকত্ব এবং অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখেই পশ্চিমবঙ্গে বিজেপি তাদের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন