অপহরণ, গুম এবং ‘ক্রসফায়ার’-এর নামে দলীয় নেতাকর্মীদের হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফের অভিযোগ জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগটি দাখিল করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গুম-খুন সংক্রান্ত সমন্বয়ক সালাউদ্দিন খান।
অভিযোগে বলা হয়েছে, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় বিএনপির অন্তত ২ হাজার ২৭৬ নেতাকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে সাবেক সাংসদ ইলিয়াস আলী-র গুমের ঘটনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, এর আগে গত ৯ জানুয়ারিও একই ধরনের অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছিল। তবে তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় নতুন করে পুনরায় অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

