রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

ডেস্ক রিপোর্ট।।

নাটোরের লালপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৪০ বছর বয়সী ফুলঝড়ি বেগম। জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে এবার তিনি এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছেন নিজের ছেলে মনিরুল ইসলামের সঙ্গে।
মা-ছেলের বাড়ি উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে। তারা দুজনই মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থী। বর্তমানে মধুবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলঝড়ি বেগমের স্বামী নজরুল ইসলাম ভ্যানচালক ও দিনমজুরের কাজ করে সংসার চালান। সীমিত আয়ের মধ্যেও পরিবারের সদস্যদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। তাদের বড় মেয়ে নার্সিং সম্পন্ন করে বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন।
ফুলঝড়ি বেগম বলেন, ছোটবেলায় বাল্যবিয়ের কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। তবে পড়াশোনা করার ইচ্ছা কখনো হারিয়ে যায়নি। ছেলে ও পরিবারের সহযোগিতায় এবার সেই স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছেন তিনি।
তিনি বলেন, “এই বয়সে ছেলের সঙ্গে পরীক্ষা দিতে পারছি, এটা আমার কাছে অনেক আনন্দের। অনেকেই নানা কথা বলছে, কিন্তু আমি থেমে যেতে চাই না।”
ছেলে মনিরুল ইসলাম জানায়, মাকে পড়াশোনা করতে দেখে সে আরও অনুপ্রাণিত হচ্ছে। ভবিষ্যতেও মা যেন পড়াশোনা চালিয়ে যেতে পারেন, সেটাই তার চাওয়া।
স্বামী নজরুল ইসলাম বলেন, “শিক্ষিত মা পরিবার ও সমাজকে আলোকিত করতে পারে। তাই কষ্ট হলেও স্ত্রীর পড়াশোনায় সহযোগিতা করে যাচ্ছি।”
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ বলেন, এই ঘটনা নারী শিক্ষা ও বয়স্ক শিক্ষার ক্ষেত্রে একটি অনুকরণীয় উদাহরণ। তিনি জানান, ফুলঝড়ি বেগমের পড়াশোনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন