যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, চুক্তির কিছু ধারা রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে হলে সরকার সেগুলো নিয়ে আলোচনা ও পর্যালোচনার উদ্যোগ নেবে।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তর-এর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উপদেষ্টা জানান, চুক্তিতে বাতিলের সুযোগ রয়েছে। নির্দিষ্ট সময়ের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করা সম্ভব। পাশাপাশি আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্ত পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে।
তিনি বলেন, “আমরা মনে করি, সরাসরি বাতিলের পথে না গিয়ে আগে সরকারি পর্যায়ে চুক্তিটি বিস্তারিতভাবে পর্যালোচনা করা প্রয়োজন। যেসব ধারা রাষ্ট্রের জন্য সমস্যাজনক বা ক্ষতিকর হতে পারে, সেগুলো নিয়ে আলোচনায় যাওয়ার সুযোগ রয়েছে।”
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে। চুক্তি বাতিল করলে দ্বিপক্ষীয় সম্পর্ক কিংবা পারস্পরিক শুল্কসংক্রান্ত জটিলতা পুনরায় সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তিগুলোর অনেক ক্ষেত্রেই আইনি বাধ্যবাধকতা থাকে। ফলে কোনো কোনো চুক্তি থেকে বেরিয়ে আসা অর্থনৈতিক বা কূটনৈতিকভাবে আরও ক্ষতিকর হতে পারে। তবে জনগণের স্বার্থ বিবেচনায় সরকার সব ধরনের চুক্তি মূল্যায়ন করবে।
তিনি আরও জানান, কিছু চুক্তির নির্দিষ্ট অংশ গোপন রাখার শর্ত থাকতে পারে। তবে সংবিধান অনুযায়ী জনগণের জানার অধিকার ও সংসদে উপস্থাপনের বিধানও রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াসীন এবং সৈয়দ আবদাল আহমদ।

