সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

শাপলা চত্বরে গণহত্যা নিয়ে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট।।

২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে সে সময়ের বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, হেফাজতের আন্দোলনের সময় বিএনপি সঙ্গে থাকলেও সংকটময় পরিস্থিতিতে দলটির প্রকৃত ভূমিকা এখন নতুন করে মূল্যায়নের দাবি রাখে।

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল ওলামা এলায়েন্স।

নাহিদ ইসলাম বলেন, “দেশের জনগণের একটি বড় অংশ যখন সংকটে ছিল, তখন প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির উচিত ছিল আরও জোরালো নেতৃত্ব দেওয়া এবং সাহসী অবস্থান নেওয়া।”

তিনি অভিযোগ করেন, শাপলা চত্বরের ঘটনাকে বিভিন্নভাবে বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছিল এবং সেই ব্যর্থতার ধারাবাহিকতায় পরবর্তীতে আরও সহিংস ঘটনার সাহস পেয়েছিল সরকার।

নিজের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ২০১৩ সালে ঘটনাকালে তিনি দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সেদিন রাতের পরিস্থিতি এবং কয়েকটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি এখনও তার মনে আছে বলে উল্লেখ করেন তিনি।

বিচারহীনতার সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, শাপলা চত্বরের ঘটনার বিচার শুধু কোনো সংগঠনের দাবি নয়, এটি দেশের জনগণের দাবি।

তিনি আরও বলেন, সমাজে মাদরাসা ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরির রাজনীতি দীর্ঘদিন ধরে চলে আসছে এবং ২০১৩ সালের শাপলা ও শাহবাগের ঘটনাপ্রবাহে সেই বিভাজনের প্রতিফলন দেখা গেছে।

সীমান্ত পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়েও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, দেশের সব ধর্মের মানুষের নাগরিক অধিকার রক্ষায় তাদের দল কাজ করবে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন