মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট।।

আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে শান্তি আলোচনা নতুন করে অচলাবস্থায় পড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ায় একদিনেই অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বেশি। একই সময়ে পশ্চিম টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৬১ ডলারে, যা বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে দুই দেশের পারস্পরিক অবস্থান প্রত্যাখ্যান করায় বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কমার্জব্যাংকের বিশ্লেষক কার্স্টেন ফ্রিজ বলেন, উভয় পক্ষের প্রস্তাব প্রত্যাখ্যানের ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে।

এদিকে সৌদি আরামকো-এর প্রধান নির্বাহী আমীন নাসের সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে বাধা অব্যাহত থাকলে বাজার স্বাভাবিক হতে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে। এতে প্রতি সপ্তাহে প্রায় ১০ কোটি ব্যারেল তেলের সরবরাহ ঝুঁকিতে পড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে বাজার বিশ্লেষক টিম ওয়াটারার মনে করেন, যদি শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়, তাহলে তেলের দাম দ্রুত কমতে পারে। তবে উত্তেজনা আরও বৃদ্ধি পেলে বা হরমুজ প্রণালি ঘিরে নতুন সংকট দেখা দিলে ব্রেন্ট তেলের দাম আবারও ১১৫ ডলার ছাড়িয়ে যেতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন