ডেস্ক রিপোর্ট।।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর-এর এলআরটি ও এমআরটি স্টেশনে পাঁচ নারীকে হেনস্তার দায়ে এক বাংলাদেশিকে দেড় বছরের কারাদণ্ড ও একটি বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৩ মে) দেশটির আদালত এ আদেশ দেন বলে জানিয়েছে মালয়মেইল।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ রমজান আলী। ৪১ বছর বয়সী রমজান আলী মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গত ৬ মে ম্যাজিস্ট্রেট আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১৪ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছিলেন। পরে শাস্তি পুনর্বিবেচনা করে আদালত দণ্ড বাড়িয়ে দেড় বছরের কারাদণ্ড এবং একটি বেত্রাঘাতের নির্দেশ দেন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৭ এপ্রিল রমজান আলীকে গ্রেপ্তার করা হয় এবং সেদিন থেকেই তার দণ্ড কার্যকর ধরা হয়েছে।
আদালতে তিনি অভিযোগ স্বীকার করেন। মামলার তথ্যমতে, তিনি এক জার্মান নারী ও চার মালয়েশিয়ান নারীকে শ্লীলতাহানির উদ্দেশ্যে উত্ত্যক্ত করেন। ভুক্তভোগীদের বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে।
অভিযোগে বলা হয়, গত ১০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে বিভিন্ন এলআরটি ও এমআরটি স্টেশন এবং এসকেলেটরে এসব ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে, রমজান আলীর পরিবার তাকে দেশে ফিরিয়ে নেওয়ার আবেদন করলেও আদালত সেই অনুরোধ গ্রহণ করেননি। শুনানির সময় তার ভাই আদালতে উপস্থিত ছিলেন।

