বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

কুরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে এ তথ্য জানান খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি জানান, ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা। এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সচিবালয়ে কুরবানি সম্পর্কিত বিষয়গুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

চামড়া সংরক্ষণে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কুরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য দেশজুড়ে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ বিতরণ করা হবে।

মন্ত্রী জানান, এ উদ্দেশ্যে ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এসব লবণ সরবরাহ করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো লবণ সরবরাহ ও চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চামড়া সংরক্ষণ সহজ হবে এবং পাচার কমবে। একই সঙ্গে দেশের চামড়া শিল্প ও জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন