মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

এক চোখের দৃষ্টি হারিয়েছেন কারাবন্দি ইমরান খান

ডেস্ক রিপোর্ট।।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে নির্যাতনের শিকার হয়ে এক চোখের দৃষ্টি হারিয়েছেন বলে দাবি করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

বুধবার (১৩ মে) ইসলামাবাদে সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা এ অভিযোগ করেন। তিনি বলেন, ইমরান খানকে দীর্ঘদিন ধরে কারাবন্দি রাখা হয়েছে এবং তাকে মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে।

তিনি আরও দাবি করেন, কারাগারে ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি গুরুতরভাবে অবনতি ঘটছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারের সদস্য ও আইনজীবীদের তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে আইনজীবীদের পক্ষ থেকে আদালতে জমা দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন-এ আক্রান্ত, যা রেটিনার রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে এবং দৃষ্টিশক্তির জন্য ঝুঁকিপূর্ণ। এর চিকিৎসায় এর আগে একাধিকবার ইনজেকশন প্রয়োগ করা হয়েছে বলেও জানা যায়।

পিটিআই নেতারা অভিযোগ করেছেন, ইমরান খানের আইনগত নথিতে স্বাক্ষর করতে বাধা দেওয়া হচ্ছে এবং পরিবারের সদস্যদের সাক্ষাৎ সীমিত করা হয়েছে। এমনকি তার নিকটাত্মীয়দেরও দেখা করতে দেওয়া হচ্ছে না বলে দাবি করা হয়।

অন্যদিকে সালমান আকরাম রাজা দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অর্থনৈতিক সংকটের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি অবনতি ঘটছে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন