যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য কামরান ঘাজানফারি। তিনি দাবি করেছেন, ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি কৌশলগত দ্বীপ দখলের পরিকল্পনাও থাকতে পারে তাদের।
বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে ঘাজানফারি বলেন, বিভিন্ন গোয়েন্দা তথ্য ও সামরিক তৎপরতা বিশ্লেষণ করে মনে হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের দক্ষিণ উপকূলসংলগ্ন এলাকায় বিপুল সামরিক সরঞ্জাম ও সেনা মোতায়েন করা হয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। প্রায় ৪০ দিন ধরে চলা সংঘাতে ইরান পাল্টা হামলা চালিয়ে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।
যদিও যুদ্ধবিরতির সময় দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে, এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। ফলে অঞ্চলজুড়ে আবারও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

