মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

পশ্চিমবঙ্গে সব ধরনের পশু জবাইসহ প্রকাশ্যে কোরবানি নিষিদ্ধ করলো বিজেপি

ডেস্ক রিপোর্ট।।

ভারতের পশ্চিমবঙ্গে পশু জবাই সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর করেছে নবগঠিত বিজেপি সরকার। নতুন নির্দেশনায় রাজ্যজুড়ে প্রকাশ্যে গরুসহ বিভিন্ন গবাদিপশু জবাই নিষিদ্ধ করা হয়েছে এবং জবাইয়ের আগে বাধ্যতামূলক করা হয়েছে সরকারি অনুমোদন ও পশু চিকিৎসকের সনদ।

বুধবার জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, গরু, ষাঁড়, বলদ, বাছুর ও মহিষ জবাই করতে হলে স্থানীয় প্রশাসনের অনুমোদনের পাশাপাশি সরকারি ভেটেরিনারি সার্জনের যৌথ সনদ লাগবে। সনদ ছাড়া পশু জবাই করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো পশুকে জবাই উপযোগী হিসেবে বিবেচনা করতে হলে সেটির বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে অথবা সেটি কাজ ও প্রজননের অযোগ্য হতে হবে। গুরুতর আঘাত, বিকলাঙ্গতা কিংবা অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত পশুর ক্ষেত্রেও বিশেষ বিবেচনায় অনুমতি দেওয়া হতে পারে।

সরকার জানিয়েছে, অনুমোদিত পশু কেবল পৌরসভার নির্ধারিত কসাইখানা বা প্রশাসন অনুমোদিত স্থানে জবাই করা যাবে। রাস্তাঘাট বা জনসমাগমপূর্ণ খোলা জায়গায় পশু জবাইকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে।

এছাড়া নিয়ম বাস্তবায়ন তদারকিতে পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি ও অনুমোদিত কর্মকর্তাদের পরিদর্শনের ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি এই পরিদর্শন কাজে বাধা দিলে সেটিও আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর এটি বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই পদক্ষেপ পশ্চিমবঙ্গের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিতে পারে।

সূত্র: এনডিটিভি

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন