ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া আন্তর্জাতিক রুটে বড় ধরনের সময়সূচি পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে ঢাকাসহ একাধিক রুটে ফ্লাইট কমানো ও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, জেট ফুয়েলের রেকর্ড উচ্চ দাম, দীর্ঘপাল্লার ফ্লাইট পরিচালনায় বাড়তি ব্যয় এবং আকাশপথে বিধিনিষেধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত নতুন সময়সূচি কার্যকর থাকবে।
নতুন পরিকল্পনার অংশ হিসেবে কিছু রুটে ফ্লাইট কমানো, কিছু রুটে স্থগিত এবং কিছু ক্ষেত্রে সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে। এতে গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে হাজারো যাত্রী প্রভাবিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সবচেয়ে আলোচিত পরিবর্তনের মধ্যে রয়েছে ঢাকা রুট। দিল্লি-ঢাকা রুটে দৈনিক ফ্লাইট কমিয়ে সপ্তাহে চার দিন করা হয়েছে। পাশাপাশি মুম্বাই-ঢাকা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা প্রতিমাসে ১,২০০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখবে এবং পাঁচ মহাদেশের সঙ্গে সংযোগ বজায় রাখবে। তবে পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপের আকাশপথে বিধিনিষেধের কারণে অনেক রুটে ঘুরপথে চলাচল করতে হচ্ছে, ফলে খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক রুটেও ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে। তবে যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইট, টিকিট পরিবর্তন এবং রিফান্ড সুবিধা চালু রাখার আশ্বাস দিয়েছে সংস্থাটি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

