বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

স্থানীয় নির্বাচন কবে হতে পারে, জানালো ইসি

ডেস্ক রিপোর্ট।।

নির্বাচন কমিশন আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বর্তমানে কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে নির্বাচন আয়োজনের আগে আইন, বিধি ও নীতিমালার প্রয়োজনীয় সংশোধন, বাজেট বরাদ্দ এবং প্রশাসনিক প্রস্তুতির বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।

আনোয়ারুল ইসলাম সরকার জানান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে সাধারণত দীর্ঘ সময় প্রয়োজন হয়। সে কারণে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোন নির্বাচন আগে হবে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব দিক বিবেচনা করে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

নির্বাচন কমিশনের এই কর্মকর্তা জানান, স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট বিদ্যমান আইন ও বিধিমালা পর্যালোচনা চলছে এবং প্রয়োজনীয় সংস্কারে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

তিনি আশা প্রকাশ করে বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং জনগণের আস্থা বজায় রাখতে কমিশন সর্বোচ্চ গুরুত্ব দেবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন