মালদ্বীপ-এ প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ঘিরে প্রকাশিত একটি বিতর্কিত প্রতিবেদনকে কেন্দ্র করে দুই সাংবাদিককে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম অধিকার সংগঠনগুলো উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক মোহাম্মদ শাহজানকে ১৫ দিনের এবং লিভান আলী নাসিরকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা অনলাইন সংবাদমাধ্যম আদাধু-এর সঙ্গে যুক্ত।
প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট মুইজ্জুর বিরুদ্ধে এক সাবেক সহযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ তুলে একটি ডকুমেন্টারি প্রকাশ করা হয়েছিল। পরে আদালত বিষয়টি নিয়ে প্রকাশ্যে আলোচনা বা প্রচার নিষিদ্ধ করে গ্যাগ অর্ডার জারি করে।
সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ, তারা আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করেছেন। একজন সাংবাদিক অভিযোগ সংক্রান্ত প্রশ্ন তোলেন এবং অন্যজন গ্যাগ অর্ডার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন।
গণমাধ্যম আদাধু দাবি করেছে, বিচার প্রক্রিয়া গোপনে সম্পন্ন করা হয়েছে এবং অভিযুক্তদের যথাযথ আইনি সহায়তার সুযোগ দেওয়া হয়নি।
ঘটনার পর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস ও কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস এই রায়ের সমালোচনা করেছে। সংগঠনগুলো বলছে, এটি সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক।

