চার কোটি নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির সহস্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জামালপুর শহরের বিভিন্ন পথসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর এটাই ছিল তার প্রথম জামালপুর সফর। এ সময় দিগপাইত থেকে শহর পর্যন্ত বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানান।
নিলোফার চৌধুরী মনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বদলে দেবেন।” তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া-র জন্য দোয়া চাওয়ার পাশাপাশি তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার আহ্বান জানান।
পরে শহরের বকুতলায় আয়োজিত আরেক অনুষ্ঠানে তিনি বলেন, জামালপুরকে পিছিয়ে পড়া জেলার পরিচয় থেকে বের করে আধুনিক জেলায় রূপান্তর করতে চান। বিশেষ করে নারীদের উন্নয়ন, কৃষি, শিক্ষা, নকশীকাঁথা ও শিল্প খাতে কাজ করার কথাও জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপিতে স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতি করতে হবে এবং চাঁদাবাজি ও বিভেদমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে।

